আইসিটি টাওয়ারের প্রবেশ মুখেই হাত ধোয়ার আয়োজন

১৯ মার্চ, ২০২০ ১২:০৩  
আইসিটি টাওয়ার। প্রধান ফটক গলে এগিয়ে গেলেই দেখা যাবে বদলে গেছে ভবনে প্রবেশের চিরচেনা দৃশ্যপট। সিঁড়ির মুখেই স্থাপন করা হয়েছে হাত ধোয়ার বেসিন। রাখা হয়েছে হ্যান্ডস্যানিটাইজার। না, ভোজন উৎসবের জন্য নয়; করোনা ভাইরাস হতে নিরাপদ থাকতে এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ভবনটিতে কর্মরক সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ রাখতে অফিসে প্রবেশের পূর্বে সাবান দিয়ে হাত ধোয়ার এই ব্যবস্থা বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বললেন, নিজেকে এবং অপরকে নিরাপদ রাখতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলি। আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকে সচেতন হতে সহায়তা করি। প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ বিভিন্ন সংস্থা এবং প্রকল্পের ৩০টি কার্যালয় রয়েছে এই আইসিটি টাওয়ারে। বিভিন্ন কাজে এখানে প্রতিদিন কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৩ হাজার মানুষ যাতায়াত করেন। ওই ভবনের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিরপত্তায় নিয়োজিত একজন আনসার সদস্যের মৃত্যুর পর আইসিটি টাওয়ারে কর্মরত সকল সদস্যের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এই উদ্যোগ নেয়া হয়েছে।